বরিশাল
গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বরিশাল-১ আসনের সংসদ সদস্য জনাব জহির উদ্দিন স্বপন, এমপি মহোদয়ের সঙ্গে গৌরনদী উপজেলা প্রশাসনে কর্মরত সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারীরা হচ্ছেন সরকারের নীতিমালা বাস্তবায়নের প্রধান চালিকাশক্তি। জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি আরও বলেন, উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে জবাবদিহিতা, সততা ও আন্তরিকতার বিকল্প নেই। মাঠপর্যায়ে সমন্বিতভাবে কাজ করলে গৌরনদীকে একটি মডেল উপজেলায় রূপান্তর করা সম্ভব। মন্ত্রী সকলকে দলমত নির্বিশেষে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম বলেন, উপজেলা প্রশাসন সর্বদা জনবান্ধব ও জবাবদিহিমূলক সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দাপ্তরিক কার্যক্রমে শৃঙ্খলা, স্বচ্ছতা ও সমন্বয় বজায় রেখে সরকারের উন্নয়ন পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নে সকল কর্মকর্তার সহযোগিতা কামনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) মো. আবু সালেহ, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরিশাল জেলা (উত্তর) এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহিদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলোম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, জেলা বিএনপির সদস্য ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সদস্য সাংবাদিক সোলায়মান তুহিন, মো. লিটন খান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির শরীফ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখি। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন অতিথিবৃন্দ।


