গৌরনদী
গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে ইয়াবা গিলে অসুস্থ্য
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ডের উত্তর পাশে পানহাট সংলগ্ন নীলখোলা এলাকায় এক মাদক বিক্রেতা পুলিশের টের পেয়ে পুলিশের হাত থেকে নিজেকে রক্ষায় হাতে থাকা ১২–১৪টি ইয়াবা বড়ি গিলে খেয়ে ফেলেন। পরে তার আটক করে দেহে তল্লাসি চালিয়ে আরো ১৭পিচ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। আটককৃতকে থানায় নিয়ে আসার সময় (ইয়াবা গিলে খাওয়ায়) সে গুরুতরভাবে অসুস্থ্য হয়ে পড়লে রোববার রাতে তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গৌরনদী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সরবত আলী জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে নীলখোলা এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে সানোয়ার হোসেনকে দাঁড়াতে বলা হলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে তাঁকে আটক করে। আটক হওয়ার পর সানোয়ার তাঁর সঙ্গে থাকা ১০-১২টি ইয়াবা বড়ি কৌশলে চিবিয়ে গিলে ফেলেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাঁর দেহ তল্লাশি করে আরও ১৭পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে তাঁকে পুলিশ পাহারায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল জানান, গ্রেপ্তারকৃত সানোয়ার হোসেন (৩৫)র বাড়ি মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় মাদক–সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। অচেতন অবস্থায় সানোয়ার হোসেনকে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার তার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফকরুল আলম বলেন, পুলিশের হাতে আটক সানোয়ার হোসেনের জ্ঞান ফিরলেও এখনও অনেকটা অসুস্থ্য হওয়ায় হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।


